খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। তার ব্যক্তিগত সহকারী ও নগর আ’লীগের সদস্য কাজী জাহিদুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। গতকাল বৃহস্পতিবার রাতে অসুস্থ বোধ হলে তাকে রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শরীরের অবস্থা অনেকটা ভালো আছে বলে তিনি জানান। গত চার-পাঁচ দিন আগে তার শরীরে জ্বর আসে। সন্দেহ হওয়ায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। এর আগে গত মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এরপর তিনি তার ঢাকাস্থ বাসভবনে অবস্থান করছিলেন।

সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুলনাসহ দেশবাসীর দোয়া ও প্রার্থনা কামনা করেছেন বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল, নৌপরিবহন মালিক সমিতির সহ-সভাপতি শেখ জালালউদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। তবে সংসদ সদস্যের পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ আছেন।

অন্যদিকে, সংসদ সদস্য’র সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন নগর যুব ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম-আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল। বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর সুস্থতা ও দীর্ঘাঘু কামনা করেন।